প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিন দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
শেখ হাসিনার পক্ষ থেকে দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণার ঘটনা এবারই প্রথম। তাঁর এই পরিকল্পনা ঘিরে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর দলটির নেতা-কর্মীদের সহিংসতা বেড়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।
দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সংবিধান-বহির্ভূতভাবে এবং এমন পরিস্থিতিতে তাঁকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।’
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে! দুঃস্বপ্নের মধ্যে দেখে—আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি!’
তিনি আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাঁকে (শেখ হাসিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’