রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬২টি মামলা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি মোবাইল ফোন, বাইসাইকেল, নগদ টাকা ও বিস্ফোরকসংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১২৭ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁওয়ে ৭১ জন, লালবাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিলে ৩৯ জন, রমনায় ২৯ জন এবং গুলশানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে আরও পাঁচজনকে।
অভিযানে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩টি ইয়াবা বড়ি এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, তিন পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।