উপকূলীয় সুরক্ষা ও কৃষিতে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় এলাকার সক্ষমতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রাথমিকভাবে এই অর্থায়নের জন্য নির্বাচিত পাঁচটি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। উপকূলীয় অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুসহিষ্ণু কৃষি কার্যক্রম সম্প্রসারণে অর্থ ব্যয় করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
স্থানীয় সময় বিকেল ৩টায় সম্মেলনের ব্লু জোনের জোন ডি-৩-এর সংবাদ সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অংশ ০ দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে দেশটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা ও তাপপ্রবাহ মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো এবং উন্নয়ন অগ্রগতিকে হুমকির মুখে ফেলছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পায়ন সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
তিনি বলেন, সীমিত সম্পদ ও সক্ষমতা নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত কার্যক্রম অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা পেলে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই লক্ষ্য পূরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে অভিযোজন কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান তিনি।
জলবায়ু অর্থায়নের ঘাটতি তুলে ধরে পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ বাড়িয়ে বছরে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে। বাংলাদেশ এ দাবির প্রতি সমর্থন জানায়।
গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার ওপরও জোর দেন তিনি। তাঁর মতে, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সরাসরি অনুদানভিত্তিক অর্থায়নের সুযোগ বাড়ানো প্রয়োজন।
অভিযোজন কার্যক্রম প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, শুধু পরিকল্পনা প্রণয়ন করলেই হবে না, সেগুলো মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীনির্ভর উদ্যোগ বাড়াতে হবে। এ জন্য আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রয়োজন।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিকে বর্তমান সময়ের বাস্তবতা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ক্ষতি মোকাবিলায় গঠিত ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজে জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় অর্থের পরিমাণ অপর্যাপ্ত। তহবিলে উন্নত দেশগুলোর অবদান বাড়ানো, অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি অর্থনীতিবহির্ভূত ক্ষতি মোকাবিলায়ও সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর কার্যক্রম জোরদারের আহ্বান জানান পরিবেশমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ২০২৬ সালের পরও প্রশমন কার্যক্রম চালিয়ে ২০৩০ সাল পর্যন্ত তা অব্যাহত রাখার পক্ষে। এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা নিশ্চিত করতে হবে।
জ্বালানি ও অর্থনৈতিক ব্যবস্থার ন্যায্য রূপান্তরের বিষয়েও গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, জলবায়ুবান্ধব অর্থনীতি গড়ে তোলার সময় শ্রমিক, কৃষক, নারী, তরুণ, অনানুষ্ঠানিক খাতের কর্মী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষা করতে হবে। পাশাপাশি শোভন কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং পরিচ্ছন্ন প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।
কপ-৩১ সম্মেলনের আলোচনার অগ্রগতি সম্পর্কে আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রথম চার দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এগিয়েছে। তবে বেশ কিছু বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীনসহ সহযোগী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে ন্যায়সংগত, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে।
সম্মেলন থেকে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন পরিকল্পনার বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি তহবিল শক্তিশালী করা, প্রশমন কার্যক্রম অব্যাহত রাখা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য রূপান্তরের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন পরিবেশমন্ত্রী।