১১ দিনেই ৭১০ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ‘জেলার ২’

রজনীকান্তের বক্স অফিস-দাপট যেন থামছেই না। প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র ১১ দিনের মাথায় বিশ্বজুড়ে ৭১০ কোটি রুপির বেশি আয় করেছে তাঁর অভিনীত ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি পেছনে ফেলেছে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘২.০’-এর দীর্ঘদিনের রেকর্ড। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।
বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর পর্যন্ত ‘জেলার ২’-এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপি। ১৫ অক্টোবর মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহান্তেও ভারতের বক্স অফিসে ভালো আয় করেছে ছবিটি।
ভারতের বাজারেও দাপট দেখাচ্ছে ‘জেলার ২’। মুক্তির একাদশ দিনে দেশটিতে সিনেমাটির নিট আয় হয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি। এতে ভারতে মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি। করসহ দেশীয় বাজারে ছবিটির মোট আয় ৪৬৬ কোটি ৮৫ লাখ রুপি।
অন্যদিকে, ভারতের বাইরের বাজার থেকে একাদশ দিনে প্রায় ১০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এতে আন্তর্জাতিক বাজারে মোট আয় দাঁড়িয়েছে ২৪৩ কোটি ৫০ লাখ রুপি। দেশীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির আয় এখন ৭১০ কোটি ৩৫ লাখ রুপি।
স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির একাদশ দিনে ভারতের বাজারে সবচেয়ে বেশি আয় এসেছে তামিল সংস্করণ থেকে। ৫ হাজার ৬৮৩টি প্রদর্শনী থেকে এ সংস্করণের আয় হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ রুপি।
একই দিনে তেলুগু সংস্করণ ১ হাজার ৮৬০টি প্রদর্শনী থেকে আয় করেছে ৪ কোটি ৫০ লাখ রুপি। হিন্দি সংস্করণ ৪ হাজার ১৯৫টি প্রদর্শনী থেকে পেয়েছে ৩ কোটি ১৫ লাখ রুপি। আর কন্নড় সংস্করণ ২১৬টি প্রদর্শনী থেকে আয় করেছে ৭০ লাখ রুপি। সব ভাষা মিলিয়ে একাদশ দিনে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি।
এত দিন বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার রেকর্ড ছিল ‘২.০’-এর দখলে। ২০১৮ সালে শঙ্কর পরিচালিত কল্পবিজ্ঞানভিত্তিক ছবিটিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছিল প্রায় ৬৯১ কোটি রুপি।
‘জেলার ২’ সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে। পাশাপাশি বিজয় অভিনীত ‘লিও’-এর প্রায় ৬০৫ কোটি রুপি এবং রজনীকান্তের ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর প্রায় ৬০৪ কোটি রুপির বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে ছবিটি।
মুক্তির প্রথম সপ্তাহান্তেই একাধিক বক্স অফিস রেকর্ড গড়েছিল ‘জেলার ২’। দ্রুততম সময়ে বিশ্বব্যাপী ৩০০ কোটি ও ৪০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করা তামিল সিনেমার তালিকাতেও জায়গা করে নেয় এটি। ২০২৬ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ছবিও ‘জেলার ২’।
মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের আগ্রহ ধরে রেখে একের পর এক মাইলফলক স্পর্শ করছে রজনীকান্ত অভিনীত সিনেমাটি। বক্স অফিসে ছবিটির আয়ের এই গতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেটিই দেখার অপেক্ষা।