পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে নির্বাচন কমিশন কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে পুলিশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যেমন সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তেমনি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের কমিটমেন্ট সম্পূর্ণ। স্থানীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি। কমিশন থেকে কোনো বেআইনি নির্দেশনা যাবে না।’
পুলিশের পক্ষ থেকেও গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সিইসি।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কার পরিস্থিতির তুলনায় বর্তমান অবস্থা খারাপ নয়। পুলিশের ওপর কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি।
নির্বাচনে পুলিশ চাপমুক্তভাবে দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, বর্তমানে দলীয় সরকার ক্ষমতায় থাকলেও সেটি গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, তাদের সাফল্য শতভাগ।