বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প পদক্ষেপ নেওয়া হচ্ছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব দেশের সরবরাহ ব্যবস্থায় পড়লেও পরিস্থিতি মোকাবিলায় সরকার বিকল্প বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তিনি বলেন, মানুষের দুর্ভোগ কমানো এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সক্রিয় থাকা নারী নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দলকে সংগঠিত রেখেছেন এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, তেল ও গ্যাস সরবরাহে সাময়িক যে জটিলতা তৈরি হয়েছে, তা বৈশ্বিক জ্বালানি সংকটের অংশ। পরিস্থিতি সামাল দিতে গ্যাস আমদানিসহ বিভিন্ন বিকল্প কৌশল নেওয়া হচ্ছে।
একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখতেও সরকার কার্যকর ভূমিকা রাখছে বলে জানান তিনি।
নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিএনপি দীর্ঘদিন ধরেই নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে আসছে। বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার তা বিয়ে বা স্নাতক পর্যন্ত অবৈতনিক করার বিষয়ে চিন্তাভাবনা করছে।
তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নে নারীদের আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, যারা নারীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে, তারা কাপুরুষ।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। তারা জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।