বাঁধন নিরাপদে আছেন: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তিনি বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে কে এম নাজমুল হক লেখেন, আজমেরী হক বাঁধনের সঙ্গে কথা হয়েছে।
তিনি নিরাপদে আছেন। মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গেও কথা হয়েছে এবং তার সঙ্গে কনস্যুলেটের কর্মকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।
হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি আরও লেখেন, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বের করতে ইতালিয়ান পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় আগামীকাল এ ঘটনায় মামলা করা হবে।
পোস্টে হামলাকারীদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব লেখেন, বাংলাদেশের পক্ষের কোনো শক্তির ওপর যেখানেই আক্রমণ হোক না কেন, সেখানকার প্রচলিত আইন অনুযায়ী এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
জানা গেছে, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন।
সোমবার রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে আকস্মিকভাবে হামলা ও হেনস্তার শিকার হন এই অভিনেত্রী।