মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নিতে সেখানে আসতে শুরু করেন তারা।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন ইউনিটের ব্যানারে ছোট ছোট মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিস্থলজুড়ে ছিল দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন। অনেক নেতাকর্মীর হাতে দেখা যায় জাতীয় ও দলীয় পতাকা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জিয়া উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ইমাম শরিফ বাবু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী দলের জন্য শুধু আনুষ্ঠানিক কোনো দিন নয়। এ দিন দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শকে স্মরণ করা হয়। তার আদর্শকে সামনে রেখে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

বাড্ডা থানা বিএনপির নেতা শামসুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ দলের সাংগঠনিক অবস্থানের বিষয়টি তুলে ধরছে। তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য রয়েছে, ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে সেটিকে আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে আশপাশের সড়কগুলোতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন