বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনীতিতে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এবার পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠের কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশের পাশাপাশি পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপি এবং দলটির বিভিন্ন ইউনিট নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা এবং দলটির দীর্ঘ রাজনৈতিক পথচলা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।