শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আইয়ুব বাচ্চুর স্মরণে এ সময়ের শিল্পীদের কণ্ঠে ২০ গান

আইয়ুব বাচ্চুর স্মরণে এ সময়ের শিল্পীদের কণ্ঠে ২০ গান
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু নেই আট বছর ধরে। তবে তাঁর সৃষ্ট গান ও সুর এখনো সংগীতপ্রেমীদের হৃদয়ে সমানভাবে জীবন্ত। প্রয়াত এই শিল্পীর জন্মদিন উপলক্ষে এবার তাঁর গান নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’।

রবিবার (১৬ আগস্ট) আইয়ুব বাচ্চুর জন্মদিনে অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তাঁর জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন দেশের বিভিন্ন ব্যান্ড ও সময়ের পরিচিত শিল্পীরা।

‘উত্তরাধিকার’ অ্যালবামে অংশ নিয়েছে দেশের বেশ কয়েকটি ব্যান্ড। এর মধ্যে রয়েছে—দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল।

এ ছাড়া একক শিল্পী হিসেবে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।

অ্যালবামের সবগুলো গানের মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন ইকবাল আসিফ জুয়েল।

রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘উত্তরাধিকার’ অ্যালবামটি প্রকাশ করা হবে। ডাবল সিডির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও অ্যালবামের গানগুলো শোনা যাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অ্যালবাম থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ প্রতিষ্ঠার তহবিলে। এর মাধ্যমে শিল্পীর ব্যবহৃত গিটার, পোশাকসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ আরও এগিয়ে নেওয়া হবে।

প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল বলেন, আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার পরিকল্পনা থেকেই তাঁর ২০টি গান নতুনভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রকল্পের মাধ্যমে শুধু তাঁর গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই নয়, কিংবদন্তি শিল্পীর স্মৃতি ও সৃষ্টিকর্ম সংরক্ষণের দীর্ঘমেয়াদি উদ্যোগও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন