এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য চালু থাকা এইচ-১বি ভিসা কর্মসূচি তিন বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একটি বিল উত্থাপন করা হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে উন্নীতসহ কর্মসূচিতে একাধিক বড় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
মন্টানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টিম শিহি গত বৃহস্পতিবার বিলটি সিনেটে উপস্থাপন করেন।
বিলের পক্ষে বক্তব্যে তিনি বলেন, এইচ-১বি ভিসার মূল উদ্দেশ্য ছিল বিশেষায়িত দক্ষতা সম্পন্ন কর্মীর ঘাটতি পূরণ করা। তবে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দেওয়া এই কর্মসূচির উদ্দেশ্য ছিল না।
বর্তমানে এইচ-১বি ভিসা যুক্তরাষ্ট্রে প্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিশেষায়িত খাতে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের অন্যতম প্রধান মাধ্যম। ভারত ও চীনসহ বিভিন্ন দেশের পেশাজীবীরা এ কর্মসূচির বড় সুবিধাভোগী।
প্রস্তাবিত বিলে তিন বছর পর পুনরায় এইচ-১বি চালু হলে ভিসা ফি ১ লাখ ডলার নির্ধারণ, বার্ষিক কোটা কমিয়ে ২৫ হাজারে নামিয়ে আনা এবং ন্যূনতম বেতন ২ লাখ ডলার বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। এছাড়া বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু এবং তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ নিষিদ্ধ করার প্রস্তাবও রয়েছে।
বিলে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি বাতিল, এইচ-১বি থেকে স্থায়ী আবাসনের সুযোগ সীমিত করা এবং এইচ-শ্রেণির ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধের প্রস্তাব রাখা হয়েছে।
অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের দক্ষ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসবে।
রয়টার্স জানিয়েছে, সম্প্রতি একটি মার্কিন ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ১ লাখ ডলারের এইচ-১বি ফি পুনর্বহাল করতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে নিম্ন আদালতের সেই রায় বহাল রয়েছে, যেখানে কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের ফি আরোপকে বেআইনি কর হিসেবে উল্লেখ করা হয়েছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। এছাড়া উচ্চতর ডিগ্রিধারী আবেদনকারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা বরাদ্দ রয়েছে।
সূত্র : পিটিআই