ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোনো অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
রোববার (২৬ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে জেটেব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা তাদের সহযোগীরা এখনও বিভিন্নভাবে সক্রিয় রয়েছে। তবে জনগণের ঐক্য ও সচেতনতার কারণে তাদের সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। তাই জনগণের এই আকাঙ্ক্ষাকে বিভক্ত করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
বিএনপিকে জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, দলটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে সরকার রয়েছে জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, তাদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অতীতে গুম, হত্যা ও রাজনৈতিক নির্যাতনের শিকার পরিবারগুলোর কষ্টের কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ সময় দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত ছিল। তবে সর্বশেষ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং সেই রায়কে সম্মান জানানো সবার দায়িত্ব।
বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও উল্লেখ করেন জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে বিএনপি জনগণের পাশে থেকেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, ক্ষমতা ধরে রাখতে নয়, বরং জনগণের মতামতকে গুরুত্ব দেওয়াই গণতান্ত্রিক রাজনীতির মূল ভিত্তি। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।