তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইবে কমিশন।
রবিবার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার এখতিয়ার নির্বাচন কমিশনের। প্রচলিত রীতি অনুসারে তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব রাষ্ট্রপতি নির্বাচনের আইনি ও সাংবিধানিক বিষয়গুলো পর্যালোচনা করেন।
আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এজন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা পাওয়ার পর ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।