বাস দুর্ঘটনায় প্রাণহানি রোধে নতুন পদক্ষেপ বিআরটিএর

গণপরিবহনে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হতে না পারার কারণে প্রাণহানির ঝুঁকি কমাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিআরটিএ এ নির্দেশনা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও মহাসড়কে চলাচলরত বাস, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনা ঘটলে অনেক যাত্রী দ্রুত বের হতে গিয়ে দরজা ও জানালায় বাধার সম্মুখীন হন। এতে প্রাণহানির ঘটনাও ঘটে।
এই পরিস্থিতি মোকাবিলায় এসি বাসসহ সব গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (Emergency Exit)’ চিহ্ন স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।
অন্যদিকে নন-এসি বাসে জানালার পর্দা টানানোর জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের রড যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে বলে উল্লেখ করা হয়েছে। তাই এসব রড অপসারণের নির্দেশ দিয়েছে বিআরটিএ।
সংস্থাটি জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়ন হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত নিরাপদে বের হওয়ার সুযোগ তৈরি হবে এবং জীবনহানির ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
বিআরটিএ আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।