বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

তৃতীয় অধিবেশন শুরু, নেপালে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

তৃতীয় অধিবেশন শুরু, নেপালে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। এরপর সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৪ জন সংসদ সদস্য ও মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক জানানো হয়।

এ ছাড়া নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায়ও সংসদে শোক প্রস্তাব তোলা হয়। পরে সর্বসম্মতিক্রমে এসব শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

শোক প্রস্তাব গ্রহণের পর নিহতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন

চলতি অধিবেশনের জন্য সংসদে পাঁচজন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা হলেন ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১৩ আসনের সারওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের ব্যারিস্টার নওসাদ জামিল, সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনি এবং রাজশাহী-১ আসনের মুজিবুর রহমান।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রাধিকারের ভিত্তিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন