বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সৌদিতে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ

সৌদিতে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে আজ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ আজ দেশে আনা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। অন্য দুজনের বাড়ি নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলায়। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছেন নিহতদের স্বজনেরা।

আত্রাই উপজেলার নিহতরা হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তাঁর ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারার মরুগ্রামের শ্যামল উদ্দিনের পরিচয় শনাক্ত হয়েছে।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এসব বাংলাদেশি নিহত হন। সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রথম ধাপে নয়জনের পরিচয় নিশ্চিত করে। তবে বাকি সাতজনের ডিএনএ পরীক্ষা এখনো শেষ না হওয়ায় তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ কারণে ওই সাতজনের স্বজনদের অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। আত্রাইয়ের মধ্যবোয়ালী গ্রামের নিহত মিনহাজের মা পারুল বিবি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ছেলের মরদেহ শনাক্ত না হওয়ায় পরে আসবে বলে জানানো হয়েছে। শেষবারের মতো ছেলেকে দেখতে চান তিনি।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রশাসনের উদ্যোগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যাতে মরদেহগুলো বিনা খরচে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া যায়। আত্রাইয়ের সাতজনের মরদেহ গ্রহণের জন্য তাঁদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে শুক্রবার রাতের মধ্যে মরদেহগুলো নিজ নিজ এলাকায় পৌঁছাতে পারে।

ইউএনও জানান, অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে আত্রাইয়ের ১৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও বর্তমানে উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। অন্য মরদেহগুলোও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

দূতাবাস সূত্র জানিয়েছে, বাকি সাতজনের ডিএনএ পরীক্ষা শেষ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের মরদেহও দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রবাসে পরিবারের ভাগ্য বদলের আশায় সৌদি আরবে পাড়ি দেওয়া এসব বাংলাদেশির মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন