কাসেমিরোর আত্মঘাতী গোলে জয়ের আশা ভঙ্গ, মেসির প্রত্যাবর্তনে ড্র মায়ামির

বিশ্বকাপের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এ কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামতেই স্টেডিয়ামে উৎসবের আবহ তৈরি হয়। গ্যালারিজুড়ে একসঙ্গে ধ্বনিত হতে থাকে—‘মেসি! মেসি!’
বৃষ্টিভেজা পরিবেশে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। তবে প্রত্যাবর্তনের ম্যাচে গোল করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি।
এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামির টানা ছয় ম্যাচের জয়ের ধারার ইতি ঘটলেও দলটি ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে। শীর্ষে থাকা ন্যাশভিলও নিজেদের ম্যাচে ড্র করায় দুই দলের ব্যবধান রয়ে গেছে মাত্র দুই পয়েন্ট।
মেসির পাশাপাশি বিশ্বকাপ শেষে ক্লাবে ফেরেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পলও। তিনি শুরু থেকেই মাঠে ছিলেন এবং ইন্টার মায়ামির দ্বিতীয় গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিশ্বকাপ শেষে ফুটবলারদের সর্বোচ্চ ২১ দিনের বিশ্রামের সুযোগ থাকলেও মেসি ও দি পল দ্রুতই অনুশীলনে ফিরে আসেন। কয়েক দিন আগে দলীয় অনুশীলনে যোগ দেওয়ার পর এই ম্যাচেই প্রথমবার মাঠে নামলেন মেসি।
মেসি মাঠে নামার আগ পর্যন্ত ইন্টার মায়ামির নেতৃত্বে ছিলেন উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ম্যাচের ১৬তম মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে অসাধারণ এক লব শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
তবে ৩৪তম মিনিটে কাসেমিরোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বাস ক্রু। বিরতির ঠিক আগে আবারও এগিয়ে যায় ইন্টার মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ে সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন নোয়া অ্যালেন।
দ্বিতীয়ার্ধে মেসির আগমনে ইন্টার মায়ামির আক্রমণে নতুন গতি এলেও গোলের দেখা পাননি আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ম্যাচের ৮৪তম মিনিটে একটি ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে কলম্বাসকে সমতায় ফেরান মেন্দেজ। এরপর আর কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি।
১৮ ম্যাচ শেষে ইন্টার মায়ামির সংগ্রহ ৩৮ পয়েন্ট। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল। আগামী ৬ আগস্ট সেন্ট লুইসের বিপক্ষে আবারও মাঠে নামবে মেসির দল।