মালয়েশিয়া যেতে আগ্রহীদের জরুরি সতর্কবার্তা দিল প্রবাসী মন্ত্রণালয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা কিংবা অর্থ লেনদেন করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, সরকারি অনুমোদন ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে চুক্তি করতে পারবে না। একই সঙ্গে কোনো কর্মীর পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা করানো বা অর্থ গ্রহণের মতো কার্যক্রম পরিচালনা করাও নিষিদ্ধ।
এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা অভিযোগ জানাতে দেশের ভেতর থেকে ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া মালয়েশিয়া-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তার সঙ্গে টেলিফোন, ই-মেইল বা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্দেশনা জারি করলে তা যথাসময়ে সরকারি মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ করা হবে। ততদিন পর্যন্ত গুজব, অননুমোদিত তথ্য বা ভুয়া প্রচারণায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।