বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা চায় বাংলাদেশ

    নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা চায় বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা জোরদারে পাকিস্তানের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, রোহিঙ্গা সংকট ও দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।

    সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।

    বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার প্রতিরোধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

    তিনি আরও বলেন, দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক ও অভিন্ন ইতিহাসের ভিত্তিতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। একই সঙ্গে দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের জনগণের যোগাযোগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

    বৈঠকে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) পাওয়ার জটিলতার বিষয়টিও তুলে ধরা হয়। প্রয়োজনীয় পারিবারিক নথির অভাবে অনেকেই শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে বিষয়টির মানবিক সমাধান কামনা করে বাংলাদেশ।

    নগর নিরাপত্তা ব্যবস্থায় পাকিস্তানের ‘সেফ সিটি’ প্রকল্পের সফলতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ইসলামাবাদ, লাহোর, করাচি ও মুলতানসহ বিভিন্ন শহরে বাস্তবায়িত এই মডেল বাংলাদেশের শহরগুলোতেও অনুসরণ করা যেতে পারে। এ জন্য কারিগরি ও কৌশলগত সহযোগিতা চায় বাংলাদেশ।

    এ ছাড়া বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রেও পাকিস্তানের সহযোগিতা কামনা করা হয়।

    রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অব্যাহত সমর্থন প্রয়োজন।

    বৈঠকের শেষে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী বাংলাদেশি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে সালাহউদ্দিন আহমদ সুবিধাজনক সময়ে সফরটি করার আগ্রহ প্রকাশ করেন।

    দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন