বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন। সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলোচনায় বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। উভয় পক্ষ দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে উন্নয়ন সহযোগিতা ও পারস্পরিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করা হয়।
বৈঠকে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও সম্ভাব্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে চীনের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বও তুলে ধরা হয়। উভয় পক্ষ মত দেন, দুই দেশের জনগণের কল্যাণ, বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে এই সম্পর্ক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।