চট্টগ্রামে একদিনে ৩৩০ মিমি বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এতে নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রেকর্ড করা এই বৃষ্টিপাতের ফলে চকবাজার, কাতালগঞ্জ, শোলকবহর, রহমতগঞ্জ, কাপাসগোলা, ফরিদার পাড়া, জিইসি, আগ্রাবাদ, মুরাদপুর, কুসুমবাগ, হালিশহর, রামপুর ও আনন্দীপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিচতলায় পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে এবং গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগছে।
আগ্রাবাদে কর্মরত এক চাকরিজীবী জানান, সকাল থেকেই সড়কে হাঁটুসমান পানি জমে থাকায় অফিসে পৌঁছাতে বেশ কষ্ট হয়েছে। অন্যদিকে খুলশী এলাকার এক শিক্ষার্থী বলেন, তাদের আবাসিক এলাকায় পানি ঢুকে পড়ায় বাসা থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ নগরীর বিভিন্ন স্কুল-কলেজে চলমান ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো জলাবদ্ধতা নিরসন এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নগরবাসীকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।