২২ ক্যারেট সোনার নতুন দাম ঘোষণা

দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম সোমবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
এছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।
১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে গত ৩ জুলাই ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে আরও ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়। ফলে দুই দফায় মোট ৬ হাজার ৫৯০ টাকা দাম বাড়ানোর পর এবার তা আংশিক কমানো হলো।
এদিকে, রুপার গহনার দামেও ভ্যাটসহ মূল্য নির্ধারণ করেছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।