ফ্রান্সে শুরু জি-৭ সম্মেলন, আলোচনায় ইরান-ইউক্রেন ও বৈশ্বিক অর্থনীতি

বিশ্বের সাতটি শীর্ষ উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত জি-৭ জোটের ৫২তম শীর্ষ সম্মেলন সোমবার (১৫ জুন) ফ্রান্সে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, ইরান পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের একটি রিসোর্ট শহরে আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপান ও কানাডার নেতারা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও এতে উপস্থিত রয়েছেন।
এবারের সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধ। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা, সরবরাহ ব্যবস্থা, বাণিজ্যিক চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে চীনের প্রভাব কমানোর বিষয়েও আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন। সম্মেলনের ফাঁকে তার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইউক্রেনের জন্য নতুন সহায়তা ও অর্থায়নের বিষয়েও আলোচনা হতে পারে।
আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সম্মেলনকে বৈশ্বিক অর্থনৈতিক সংস্কার ও সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। তার মতে, চীনের অতিরিক্ত উৎপাদন, যুক্তরাষ্ট্রের উচ্চ ভোগ এবং ইউরোপের তুলনামূলক কম বিনিয়োগ বৈশ্বিক অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি করছে।
জি-৭ সদস্য দেশগুলোর পাশাপাশি ব্রাজিল, ভারত, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ দেশকেও বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তিন দিনের এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।