মোহাম্মদপুরে বোনজামাইকে সঙ্গে নিয়ে ছিনতাই, গ্রেপ্তার দুই ভাই

রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন সহোদর এবং অপরজন তাদের বোনজামাই।
সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তিরা হলেন— পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পলাশ ও সাকিব গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকার বাসিন্দা। বিপ্লব তাদের বোনজামাই বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাত থেকেই একটি ছিনতাইকারী চক্রের গতিবিধি নজরদারিতে রাখা হয়। ভোরের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের দিকে পালানোর চেষ্টা করে।
পরে টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায় বলে দাবি পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে চক্রের এক সদস্যের পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। তবে তাদের আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।
অভিযান শেষে তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল এবং ছিনতাই করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাই করে আসছিল। তারা বিশেষ করে অটোরিকশার যাত্রী ও একাকী পথচারীদের টার্গেট করত।