বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

এক-এগারো সময়ের ঘটনাগুলো নিয়ে মাসুদ উদ্দিনকে ঘিরে নতুন বিতর্ক

এক-এগারো সময়ের ঘটনাগুলো নিয়ে মাসুদ উদ্দিনকে ঘিরে নতুন বিতর্ক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এক-এগারোর সরকারের সময় সংঘটিত বিভিন্ন অমানবিক ও মানবতাবিরোধী ঘটনার পেছনে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিনকে ‘মূল ভূমিকার অধিকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (১০ মে) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সে সময়কার সরকারের কার্যক্রমে মাসুদ উদ্দিনসহ কয়েকজনকে ‘ডিফ্যাক্টো গভর্নমেন্ট’ হিসেবে বিবেচনা করা হতো। তার দাবি, ওই সময় সংঘটিত মানবতাবিরোধী ঘটনাগুলোর নেপথ্যে মূল ভূমিকা ছিল তারই।

এর আগে ট্রাইব্যুনাল-২ জুলাই গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখায় এবং একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পরবর্তীতে শনিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ব্রিফিংয়ে তিনি আরও উল্লেখ করেন, মাসুদ উদ্দিনের বিরুদ্ধে এক-এগারো সময় ছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানকালীন ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, চলমান মামলার ভিত্তিতে তাকে ট্রাইব্যুনালের আওতায় আনা হয়েছে এবং তদন্তে যেসব মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাবে, সেগুলোও বিবেচনায় আনা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন