ট্রাম্প-চার্লস ছবি ঘিরে ‘রাজা’ মন্তব্যে বিতর্ক

যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোলা একটি ছবি ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই ছবির ক্যাপশনে লেখা হয় ‘দুই রাজা’—যা রাজনৈতিক ও জনপরিসরে আলোচনার জন্ম দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
মঙ্গলবার ওয়াশিংটনে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনার অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প রাজা চার্লস ও রানি ক্যামিলাকে অভ্যর্থনা জানান। এ সময় ট্রাম্প ও চার্লসের করমর্দনের একটি ছবি হোয়াইট হাউস প্রকাশ করে এবং সেটির ক্যাপশনে ‘দুই রাজা’ লেখা হয়।

এই পোস্টের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পকে ইঙ্গিত করে ‘অপমানের রাজা’ বলে কটাক্ষ করেন।
অন্যদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প নিজেকে রাজা হিসেবে দেখানোর অভিযোগ নাকচ করে বলেন, “আমি রাজা নই। যদি রাজা হতাম, তাহলে আপনাদের সঙ্গে এভাবে কথা বলতে হতো না।”
এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে ট্রাম্প একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে মুকুট পরে যুদ্ধবিমান চালাতে দেখা যায়। সেই ঘটনাও তখন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।
দৈএনকে/জে, আ