লক্ষ্মীপুরে নারী নির্যাতনের ভিডিও ভাইরাল: মেয়র প্রার্থী গ্রেফতার

লক্ষ্মীপুরে নারীদের বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি ও সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়া (প্রঃ সোহাগ, ৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল ২০২৬) তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর থানার মামলা নং- ২৪/১৯০, তারিখ ১১/০৪/২০২৬ ইং, ধারা-১৪৩/৪৪৭/৩০৭/৩২৩/৩২৫/৩৫৪/৩২৬/৩৭৯/৫০৬ পেনাল কোডে এ মামলা দায়ের করা হয়েছে। মারামারির ঘটনাকে কেন্দ্র করে বাদী ফারহানা আক্তার ধৃত আসামিসহ মোট ৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেফতারকৃত আফতাব উদ্দিন ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার বাসিন্দা এবং তিনি স্থানীয়ভাবে মেয়র প্রার্থী হিসেবে পরিচিত।
জানা গেছে, সম্প্রতি একটি মারামারির ঘটনায় নারীদের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, আফতাব উদ্দিন ভূঁইয়া বাদীপক্ষের নারীদের বেধড়ক মারধর করছেন। এতে একজন নারী গুরুতর আহত হন বলে জানা গেছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।