সার্টিফিকেট জালিয়াতি: চক্রের দুই সদস্য র্যাবের হাতে গ্রেফতার

রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: অর্জুন মন্ডলের ছেলে অভিজিৎ মন্ডল (২৭) ও রবিউল আওয়ালের ছেলে রায়হান আউয়াল (২১)। তারা রাজশাহী নগরীর কুমারপাড়া (ঘোষপাড়া) এলাকার বাসিন্দা।
র্যাব-৫ জানায়, সদর কোম্পানির একটি অপারেশন দল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে জালিয়াতিতে ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করত এবং অভিনব উপায়ে সেগুলো তৈরি করে সরবরাহ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের সত্যতা স্বীকার করেছে। রাজশাহীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।