আবারও টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

ব্যাট ও বল—দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো স্বাগতিক দেশ হিসেবে শিরোপা জয়ের কীর্তি গড়ল ভারত, আর সবমিলিয়ে এটি তাদের তৃতীয় বিশ্বকাপ জয়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি নিউজিল্যান্ড। নির্ধারিত ওভারের আগেই ১৫৯ রানে অলআউট হয়ে যায় কিউইরা।
শুরুতেই ধাক্কা নিউজিল্যান্ডের
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও আগ্রাসী ছিল ভারত। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪৭ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।
সেমিফাইনালে সেঞ্চুরি করা ফিন অ্যালেন মাত্র ৯ রান করে আউট হন। রাচিন রবীন্দ্র করেন ১ রান এবং গ্লেন ফিলিপস থামেন ৫ রানে। অক্ষর প্যাটেল ফেরান অ্যালেন ও ফিলিপসকে, আর রাচিনকে সাজঘরে পাঠান জসপ্রিত বুমরাহ।
অন্য প্রান্তে কিছুটা প্রতিরোধ গড়েন ওপেনার টিম সেইফার্ট। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন মার্ক চাপম্যান, যিনি মাত্র ৩ রান করে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন। ৭০ রানে চতুর্থ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে নিউজিল্যান্ড।
সেইফার্টের লড়াইও থামিয়ে দেয় ভারত
একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন সেইফার্ট। কিন্তু তিন বলের ব্যবধানে তিনিও আউট হয়ে গেলে ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যায় নিউজিল্যান্ডের। ২৬ বলে ৫২ রান করেন তিনি, ইনিংসটিতে ছিল ৫টি ছক্কা ও ২টি চার। তাকে ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী।
এরপরের ব্যাটাররা মূলত হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন। অধিনায়ক মিচেল স্যান্টনার করেন ৪৩ রান, ড্যারিল মিচেল ১৭ এবং জিমি নিশাম করেন ৮ রান। হেনরি ফেরেন শূন্য রানে।
শেষ পর্যন্ত ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড এবং ৯৬ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।
বোলিংয়ে দাপট
ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ নেন ৪ উইকেট। অক্ষর প্যাটেল পান ৩টি উইকেট। এছাড়া বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা একটি করে উইকেট শিকার করেন।
রেকর্ড গড়া ভারতের ইনিংস
এর আগে ব্যাট করতে নেমে নিজেদের গড়া রেকর্ডও ভেঙে দেয় ভারত। ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ গড়ে তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে স্বাগতিকরা। ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৬ রান।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
ঝড়ো সূচনা
ভারতের ইনিংসের শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে তিনি বিশ্বকাপের নকআট পর্বে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৯২ রান তুলে ফাইনালের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ভারত।
২১ বলে ৫২ রান করে অভিষেক আউট হলেও আক্রমণ চালিয়ে যান সঞ্জু স্যামসন। তার সঙ্গে যোগ দেন ইশান কিষান। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভারেই দুইশ রান পার করে ভারত।
স্যামসন ৪৬ বলে ৮৯ রান করেন, ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৮টি ছক্কা। ইশান কিষান করেন ২৫ বলে ৫৪ রান।
শেষ দিকে শিভম দুবের ঝড়ো ব্যাটিংয়ে আরও বাড়ে রান। শেষ ওভারে ২৪ রান তুলে ২৬ রানে অপরাজিত থাকেন তিনি। তিলক ভার্মা অপরাজিত ছিলেন ৪ রানে।
নিউজিল্যান্ডের বোলিং
নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট পান।
ভারতের তৃতীয় বিশ্বকাপ
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ২০২৪ সালে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জেতে তারা।
এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো সূর্যকুমার যাদবের দল।