পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে আকস্মিক বাজলো ৭ মার্চের ভাষণ

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রায় পরিত্যক্ত জেলা কার্যালয়ে শনিবার (৭ মার্চ) সকালে আকস্মিকভাবে বাজতে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। সরিষাহাটির মোড়ে অবস্থিত এই কার্যালয় থেকে প্রচারিত হওয়া অডিও ভাষণটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।
পরবর্তীতে বিষয়টি একটি ভিডিওতে ধরা পড়ে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ভাঙাচোরা ও প্রায় পরিত্যক্ত কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকের মাধ্যমে ঐতিহাসিক ভাষণটি বাজানো হচ্ছে। তবে কে, কখন এবং কীভাবে এই মাইকটি স্থাপন করেছে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দলের কিছু নেতাকর্মী নিজ নিজ ফেসবুক আইডিতে সেটি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, “এ ধরনের ঘটনা আমরা শুনেছি। স্থানীয়রা পরে মাইকটি খুলে নিয়েছে। ঘটনার কোনো বড় সমস্যা বা অন্য ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়নি।”
এই ঘটনার পেছনে কারা দায়ী বা উদ্দেশ্য কী তা নিয়ে এখনও রহস্য রয়েছে। তবে স্থানীয়রা এবং দর্শকেরা এটিকে ইতিহাস সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা হিসেবেই দেখছেন।