ইরান–ইসরায়েল সংঘাতে প্রভাব, জেদ্দা বিমানবন্দরে আটকা পড়লেন মুশফিক

যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন বাংলাদেশের জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল তার। তবে আকাশপথে নিরাপত্তাজনিত কারণে একাধিক ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন হওয়ায় জেদ্দা বিমানবন্দরেই অবস্থান করছেন মুশফিক।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, জেদ্দা থেকে দুবাইগামী ফ্লাইট (ইকে ০৮০৬) উড্ডয়নের পর যুদ্ধ পরিস্থিতির কারণে তা পুনরায় জেদ্দায় ফিরে আসে। বর্তমানে তিনি হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অপেক্ষা করছেন। কবে এবং কীভাবে দেশে ফিরতে পারবেন—তা অনিশ্চিত বলে উল্লেখ করেন তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধু টেস্ট ক্রিকেটেই নিয়মিত খেলছেন মুশফিক। গত নভেম্বরে শততম টেস্ট খেলে অনন্য মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ ব্যাটার। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেললেও বর্তমানে ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না।
বাংলাদেশ দলের পরবর্তী টেস্ট ম্যাচ আগামী ৮ মে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। সব কিছু স্বাভাবিক থাকলে সেই ম্যাচে মুশফিকের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে আপাতত নিরাপদে দেশে ফেরাই তার প্রধান চিন্তা।
উল্লেখ্য, শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। এতে পুরো অঞ্চলে বিমান চলাচলসহ বিভিন্ন খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।