নতুন সরকারের প্রতি জ্যোতির স্পষ্ট প্রত্যাশা

গেল ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং মন্ত্রিপরিষদ বিভাগও কার্যক্রম শুরু করেছে।
এই প্রেক্ষাপটে দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিয়ে কথা বলেছেন নিগার সুলতানা জ্যোতি, যিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি প্রশ্ন তোলেন—এত পদ-পদবি নিয়ে প্রতিযোগিতা ও দ্বন্দ্ব কেন, যদি জনগণের সেবাই মূল লক্ষ্য হয়? তিনি লিখেছেন, দেশের মানুষ বড় কোনো দাবি করছে না; তারা শুধু শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো মৌলিক বিষয়গুলো নিশ্চিত দেখতে চায়।
জ্যোতির মতে, সাধারণ মানুষের ন্যূনতম প্রয়োজনগুলো পূরণ হলেই তারা সন্তুষ্ট থাকবে। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
আরও যোগ করেন, ‘একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেরও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার। তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে, নাই। যে রাস্তা দিয়ে আমরা চলচল করি (দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্য হয়ে যাবে ;বয়স্ক, অসুস্থ্য, গর্ভবতী মা ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন।’
‘এইটা নিয়ে কথা বলেন না আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা আমরা সহজে খুশি হয়ে যাই, আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবেনা !আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না কে প্রশ্ন করতে যায়।’