বর সেজে ভোট দিলেন যুবক

নীলফামারীতে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। সৈয়দপুরের এক যুবক সামিউল ইসলাম (৩২) বিয়ের সাজে ভোট দিতে এসে সবাইকে চমক দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন। সামিউল নিয়ামতপুর সরকার পাড়া এলাকার বাসিন্দা।
সামিউল ইসলাম বলেন, আজকে পারিবারিক ভাবে আমার বিয়ের আয়োজন করা হয়েছে। আমি আজকের দিনটি স্মরণীয় করে রাখতে বিয়ের সাজে ভোট দিতে এসেছি। সেইসঙ্গে আমি তরুণ সমাজকে সঠিক যোগ্য লোককে ভোট দেওয়ার আহ্বান জানাই।
স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, আজকে ভোট দিতে এসে দেখি বিয়ের সাজে একজন এসেছে সেটি অবাক হওয়ার বিষয়। তিনি এভাবে এসে ভোটের গুরুত্ব বুঝিয়েছেন।
উল্লেখ্য, জেলায় চারটি সংসদীয় আসনে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এদের মধ্যে ৭ লাখ ৮৭ হাজার ২৮৯ নারী ও ৭ লাখ ৯৩ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন। চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৭ জন প্রার্থী।