শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

আন্তর্জাতিক চাপের মুখে ফুটবল বিশ্বকাপ: তিন দেশের বয়কটের হুমকি

আন্তর্জাতিক চাপের মুখে ফুটবল বিশ্বকাপ: তিন দেশের বয়কটের হুমকি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ক্রিকেটের পর এবার ফুটবল বিশ্বকাপেও বয়কটের হুমকি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান বয়কটের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে ফুটবল বিশ্বকাপেও তিনটি দেশ একই দাবিতে এগিয়ে এসেছে, তারা আমেরিকায় খেলতে যেতে চায় না।

বিশ্লেষকদের মতে, এই আন্দোলনের পেছনে মূল কারণ হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নীতি ও পদক্ষেপ, যা আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য উদ্বেগ তৈরি করেছে।

সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা উদ্বিগ্ন, কারণ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ বয়কটের হুমকির মুখে পড়লে খেলোয়াড় ও দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। এদিকে, আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) এখনও বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক খেলাধুলায় রাজনৈতিক ও কূটনৈতিক চাপের প্রভাব বেড়ে গেলে ভবিষ্যতে বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলোর সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা কঠিন হয়ে যাবে।

ফুটবল বিশ্বকাপের আর পাঁচ মাসও বাকি নেই। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে প্রতিযোগিতা। এ বার আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে হবে প্রতিযোগিতা। বিশ্বকাপের ১১৪ ম্যাচে মধ্যে ৭৪টি হবে আমেরিকায়। কিন্তু ট্রাম্পের অভিবাসন নীতি, ভিসা নীতি, সে দেশের সুরক্ষা এবং সর্বোপরি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা নিয়ে উদ্বিগ্ন বেশ কিছু দেশ।

এক দশক আগে ফিফার ‘স্বাধীন পরিচালন কমিটি’-র চেয়ারম্যান ছিলেন মার্ক পিয়েত। সুইৎজ়ারল্যান্ডের এই আইনজীবী সম্প্রতি ফুটবলপ্রেমীদের আমেরিকায় যেতে নিষেধ করেছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি ফুটবলপ্রেমীদের একটাই পরামর্শ দেব। আমেরিকা থেকে দূরে থাকুন।” আমেরিকায় ঢুকতে গেলে সীমান্তে এখন কী পরিমাণ হেনস্থা হতে হচ্ছে সেই বিবরণ দিয়েছেন পিয়েত।

আমেরিকার প্রসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক খুব ভাল। ট্রাম্পকে শান্তি পুরস্কারও দিয়েছে ফিফা। অনেকেই বলছেন, ইনফান্তিনোর সঙ্গে ভাল সম্পর্কের কারণেই আমেরিকায় বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম রাখা হয়েছে। বহু অভিযোগের পরেও ফিফা কিছু বলছে না। এই পরিস্থিতিতে পিয়েতের বক্তব্যকে সমর্থন করেছেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট শেপ ব্লাটার। তিনি বলেন, “আমার মনে হয় পিয়েত একদম সঠিক কথা বলেছেন। আমেরিকায় বিশ্বকাপ বয়কট করা উচিত।”

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় মিনিয়াপোলিসে গুলি চলেছে। এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর বিভিন্ন দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। সেই তালিকায় সেনেগাল, আইভরি কোস্ট, ইরান, হাইতির মতো দেশ রয়েছে। তারা বিশ্বকাপে খেলবে। অথচ, তাদের সমর্থকেরা কী ভাবে খেলা দেখতে যাবে তা নিয়ে সংশয় রয়েছে।

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে প্রতারণা করা হয়েছে! তামিমকে ‘ভারতের দালাল’ তকমা দেওয়া কর্তা ফিরতেই নতুন বিতর্ক আমিনুলদের বোর্ডে
এই সমস্যার মাঝেই লাগাতার গ্রিনল্যান্ড দখলের আওয়াজ তুলছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড চায় ডেনমার্কের সঙ্গে থাকতে। ফলে ডেনমার্কের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়ছে। বিশ্বকাপে রয়েছে ডেনমার্ক। তারা বিশ্বকাপ বয়কটের দাবি জানিয়েছে। ইউরোপের আর এক দেশ জার্মানিও বিশ্বকাপ বয়কটের রব তুলেছে। জার্মান ফুটবল সংস্থার সহ-সভাপতি ওক গটলিচ বলেছেন, “আমার মনে হয়, এটাই বয়কট করার সঠিক সময়। কাতারে বিশ্বকাপের সময় সকলে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ করছিল। এখন কী হল? এখনও তো একই ঘটনা ঘটছে।”

জার্মানির পাশে দাঁড়িয়েছে নেদারল্যান্ডস। সে দেশের প্রায় দেড় লক্ষ মানুষ একটি পিটিশনে সই করেছেন। তাঁদের দাবি, বিশ্বকাপ না খেলে ঘরে বসে থাকুক নেদারল্যান্ডসের দল। তাতেও তাঁদের দুঃখ হবে না। কিন্তু যে ভাবে আমেরিকায় অভিবাসীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ উঠছে, তাতে সেখানে খেলতে যাওয়া উচিত নয় বলে মনে করছেন তাঁরা। ইউরোপের বিভিন্ন বড় ফুটবল খেলিয়ে দেশের বয়কটের হুঁশিয়ারিতে চাপ বাড়ছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা ফিফার উপর। চাপ বাড়ছে ট্রাম্পের উপরেও।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন