শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

টি–টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, বদলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য

টি–টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, বদলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান নাটক এখন নতুন মোড় নিতে শুরু করেছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

তবে এই সিদ্ধান্তের পরও বাংলাদেশের জন্য আবারও ক্ষীণ আশার আলো দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোচনা চলছে—পরিস্থিতি অনুকূলে এলে আইসিসি বাংলাদেশকে পুনরায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে পারে। আর এই সম্ভাবনা অনেকটাই পাকিস্তানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি প্রধান মহসিন নাকভি জানান, আগামী শুক্রবার অথবা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিশ্লেষকদের মতে, যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে আবারও টুর্নামেন্টে ফেরানোর পথ খুলে যেতে পারে।

পাকিস্তান ‘এ’ গ্রুপের দল হিসেবে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। আর তারা বাদ পড়লে পরিবর্তিত দল হিসেবে ওই গ্রুপে বাংলাদেশ খেললে তাদের দাবি অনুযায়ী সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। যদিও নিয়ম অনুযায়ী কোন দল সরে দাঁড়ালে বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়া পরবর্তী সর্বোচ্চ র‌্যাংকিংধারী দল বিশ্বকাপে খেলবে, যেমনটা হয়েছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের ক্ষেত্রে।

তবে হিন্দুস্তান টাইমস রিপোর্ট বলছে ভিন্ন কথা, পাকিস্তান যদি টুর্নামেন্ট বয়কট করে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে প্রথম সুযোগ। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’

এমন প্রতিবেদনে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নতুন করে ভাববে। কারণ যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বর্জন করবে, তারাই যদি তাদের জায়গায় খেলার সুযোগ পায় সেটা হবে পাকিস্তানের জন্য বোকার মতো কাজ। আর সেই বোকামি যেন পাকিস্তান না করতে পারে, সেজন্যই হয়তো এমন চতুর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখছে আইসিসি। এখন দেখার অপেক্ষা, পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়!


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন