৭ ডিগ্রিতে কাঁপছে রাজশাহী, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দেশের সর্বনিম্ন তাপমাত্রার কবলে পড়েছে রাজশাহী। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার তেমন উপস্থিতি না থাকলেও হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল প্রায় সাড়ে ৮ ডিগ্রি। তবে সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে।
ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয়ের সময় নির্ধারিত থাকলেও ঘন শীতল আবহাওয়ার কারণে সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ, যার ফলে অনুভূত তাপমাত্রা প্রকৃত তাপমাত্রার চেয়েও কম মনে হচ্ছে।
তীব্র শীতের কারণে রাজশাহী শহর ও গ্রাম—সবখানেই জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, সকাল-বিকেলের ঠান্ডায় হাত জমে যায়। কিন্তু কাজ না করলে সংসার চলবে না। মাঘ মাস এখনও আসেনি, অথচ এমন শীত সহ্য করা কষ্টকর।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আজ সকাল ৬টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বর্তমানে দেশের সর্বনিম্ন। বাতাসে শতভাগ আর্দ্রতা থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।