সীমান্তে অসুস্থ হয়ে প্রাণ হারালেন বিজিবি সদস্য

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ হাতিপাগাড় বিওপিতে কর্মরত বিজিবি সদস্য হাবিলদার মো. আতিক (নং–৫৯০৫৩) সীমান্ত টহলকালে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
ঘটনাটি ঘটে সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে। দায়িত্ব পালনের অংশ হিসেবে সকাল ৭টায় তিনি নিয়মিত সীমান্ত টহলে বের হন। বেলা আনুমানিক ১১টার দিকে সীমান্ত পিলার ১১১৫-এর নিকটে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে ৩৯ বিজিবির হাতিপাগাড় বিওপি থেকে দ্রুত একটি পিকআপযোগে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
বিজিবি সূত্র জানায়, নিহত সদস্যের মরদেহ নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিভিল অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ ব্যাটালিয়ন সদরে নেওয়া হচ্ছে। সেখানে জানাজা নামাজ শেষে মরদেহ তার নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলায় পাঠানো হবে।
সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালনরত একজন সদস্যের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।