৪২ ফুট খুঁড়েও সন্ধান মেলেনি শিশু সাজিদের

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ২৭ ঘণ্টা ধরে উদ্ধারের চেষ্টা করেও এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা গর্ত খুঁড়ে ৪২ ফুট নিচ পর্যন্ত ক্যামেরা দিয়ে অনুসন্ধান চালালেও শিশুটিকে শনাক্ত করতে পারেননি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য বর্তমানে বড় পরিসরে মাটি খননের কাজ চলছে। এ কারণে উদ্ধার কাজে আরও সময় লাগতে পারে।
শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তিনটি এক্সকেভেটর দিয়ে মাটি খননের কাজ করা হচ্ছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোরের পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপের জন্য খনন করা একটি গভীর গর্তে পড়ে যায় সাজিদ (২)। সে পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।
শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। তিনটি এক্সকেভেটর দিয়ে আশপাশের মাটি খনন করা হচ্ছে। খনন করা অংশ থেকে সুড়ঙ্গ খুঁড়ে যে গর্তে শিশুটি পড়েছে, সেখানে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। তবে গর্তের ভেতরে পানি ও কাদার কারণে তাদের বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা এর আগে গভীর রাত পর্যন্ত কয়েক দফা গর্তে ক্যামেরা নামিয়েছিলেন। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে তারা শিশুটিকে শনাক্ত করতে পারেননি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম জানান, মাটির ওপর থেকে ৪২ ফুট গভীরতায়ও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। তাই তাকে উদ্ধারে আশপাশের মাটি খননের বিকল্প নেই।