রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোকজ নোটিশে তোলপাড়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) -তে আওয়ামী পুনর্বাসনের প্রতিবাদ করায় সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের নেত্রীবৃন্দকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে রাজশাহী জেলা ও মহানগরের বেশ কয়েকজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
এই ঘটনার পর রাজশাহীতে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই বলছেন, যে কমিটিতে ‘আওয়ামী দোসর’দের রাখা হয়েছে, তাদেরকে কোনো শাস্তি না দিয়ে প্রতিবাদকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। এই সিদ্ধান্ত অনেকের কাছে দুঃখজনক মনে হচ্ছে। অভিযোগ উঠেছে, জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাদের ত্যাগের বিনিময়ে আবারও সেই একই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে।
এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে মোতালেব হোসেন লিখেছিলেন, সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়েছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই দালাল ইমরান ইমন। আমরা দেখেছি, ইমরান ইমন সারজিস আলমের ঘনিষ্ঠ। বারবার অবগত করার পরও সারজিস আলমের কোনো ভ্রুক্ষেপ নেই। এর মানে খোদ সারজিস আলমও এ ঘটনায় জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।”
জানা গেছে, ২৯ নভেম্বর কেন্দ্রীয় কমিটি সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণা করে। এরপর থেকে তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে দলীয় একাংশ আন্দোলনে নেমেছে। এই ঘটনায় একই কমিটির পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন।