বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

    নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই স্কুলের মাঠ দখল করে শুরু হয়েছে শীতবস্ত্র ও শিল্পপণ্য মেলা। শহরের আবাসিক এলাকা হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে মেলা চালু করা হয়। বার্ষিক পরীক্ষা চলাকালে স্কুল মাঠে মেলা বসায় ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। এ নিয়ে এলাকায় চলছে নানা সমালোচনা।

    স্থানীয় সূত্র জানায়, হাট-নওগাঁ আবাসিক এলাকার একই মাঠ ঘিরে রয়েছে হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও প্রবাহ সংসদ স্কুল। দুই সপ্তাহ আগে থেকেই মাঠে টিনের বেষ্টনী দিয়ে মেলার অবকাঠামো তৈরি করা হয়। মূল গেট বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের বিকল্প পথে স্কুলে যেতে হচ্ছে। পরীক্ষার সময় শব্দ ও ভিড়ের কারণে শিক্ষার্থীরা মনোযোগ হারাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে দেখা গেছে,অনেক শিক্ষার্থী পরীক্ষার ফাঁকেই মেলায় ঘুরতে এসেছে।

    রাজশাহী শিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এক মাসব্যাপী মেলার আয়োজন করেছে। গত ২৭ নভেম্বর প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রহিদুল ইসলাম জেলা প্রশাসনের কাছে অনুমতি চান। মেলায় পোশাক, খাবার ও খেলনা—এমন প্রায় ৫০টি স্টল রয়েছে। পাশাপাশি রয়েছে নাগরদোলা, নৌকা, ড্রাগনসহ বিনোদন সুবিধা। সকাল থেকে রাত পর্যন্ত চলে মেলা, প্রবেশমূল্য ২০ টাকা।

    হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, গেট বন্ধ থাকায় স্কুলে ঢোকার সময় বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পরীক্ষার সময় মেলার শব্দে মনোযোগ নষ্ট হচ্ছে। মাঠে খেলাধুলাও বন্ধ রয়েছে।

    স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, ‘পরীক্ষার সময় স্কুল মাঠে মেলা বসানো ঠিক হয়নি। এতে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। মেলা পুরোপুরি শুরু হলে শব্দদূষণে এলাকাবাসীও ভোগান্তিতে পড়বে।’

    হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. নাজমুল হাসান বলেন, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অনুরোধ করায় মেলা বসানোর মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তবে লিখিত অনুমতি দেওয়া হয়নি। তার দাবি, পরীক্ষায় তেমন প্রভাব পড়েনি।

    প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, তাদের পরীক্ষা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলার অবকাঠামো তৈরির সময় কিছু সমস্যা হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।

    মেলার আয়োজক রহিদুল ইসলাম বলেন, এখনো আনুষ্ঠানিক অনুমতি পাওয়া যায়নি। ১২ ডিসেম্বর পরীক্ষা শেষ হলে পুরোপুরি মেলা চালু করবেন।
    নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জান্নাত আরা তিথি বলেন, স্কুল মাঠে মেলা চালুর অনুমতি দেওয়ার ক্ষমতা প্রধান শিক্ষকের নেই। তাকে এ বিষয়ে কোনোভাবে অবগতও করা হয়নি। জেলা প্রশাসন বা চেম্বার—কোনো সংস্থাই এ মেলার অনুমতি দেয়নি বলে জানান তিনি।

    নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মেলার আবেদন এসেছে, অনুমোদন প্রক্রিয়াধীন।

    নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মেলায় জেলা পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। ব্যানারে পুলিশের নাম ব্যবহার করা হয়েছে ভুলভাবে। সেসব ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন