বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি এন্ড সুইট হাট থেকে ক্রয় করা রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অসুস্থরা হলেন- উপজেলার শ্রীপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪), সাদী (১১), মহেশপুর গ্রামের নাঈম এর স্ত্রী জোতি (৩৩), ইয়ানা (৫)।
২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে অসুস্থ ব্যক্তিদের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
অসুস্থদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি এন্ড সুইট হাট থেকে রসমালাই ক্রয় করে বাসায় নিয়ে গেলে এ রসমালাই খেয়ে দুই পরিবারে ৫ জন অসুস্থ বোধ করে। পরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের অবস্থা দেখে এখানকার দায়িত্বরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।
এ ব্যাপারে রংধনু বেকারি এন্ড সুইট হাট এর মালিক জামাল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন আমাদের প্রতিষ্ঠান থেকে ৩০/৪০ কেজি রসমালাই বিক্রি করা হয়। দিনের উৎপাদিত রসমালাই দিনেই শেষ হয়ে যায়। এমন ঘটনা কখনো ঘটেনি। ঘটার কথাও নয়। তবে তিনি খোঁজ নিয়ে অসুস্থদের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঞা বলেন- অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা জানান দোকান থেকে কেনা রসমালাই খেয়ে তারা অসুস্থ হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়েছে।