বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জাতিসংঘের সভা শেষে ঢাকার পথে ড. ইউনূস

জাতিসংঘের সভা শেষে ঢাকার পথে ড. ইউনূস
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে তিনি নিউইয়র্ক ত্যাগ করেন। বাংলাদেশ সময় অনুযায়ী এটি ছিল বুধবার সকাল ৯টা ১০ মিনিট।

জাতিসংঘের অধিবেশনে অংশ নিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। তিনি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

অধিবেশন শেষে দেশে ফেরার পথে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। সামনে গুরুত্বপূর্ণ সময় পার করছে দেশ। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

আগামী সপ্তাহেই ঢাকায় সরকারি দায়িত্ব পালনে তিনি নতুন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। ওই সময় বিএনপি মহাসচিব ছাড়াও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা।

সফরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন ইভেন্টে যোগ দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর এর সঙ্গেও বৈঠক করেন তিনি। সবশেষ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। যেখানে রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন