সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূনের ইন্তেকাল

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং শিল্পখাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দেশের শিল্পখাতের উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্পে সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের প্রথম জানাজা আগামীকাল রাজধানীর একটি মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর নিজ নির্বাচনী এলাকা নরসিংদীতে নিয়ে গিয়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলের আইসিইউতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, অসুস্থ হলে নূরুল মজিদকে গতকাল (রোববার) কারাগার থেকে ঢাকা মেডিকেলে এনে আইসিইউ রাখা হয়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করে র্যাব। ওইদিন নরসিংদীতে হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গতকাল (রোববার) অসুস্থ্য হয়ে পড়লে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
উল্লেখ্য, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হন নুরুল মজিদ।