বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আজ জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

আজ জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন।

সূচি অনুযায়ী নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে মঞ্চে উঠবেন। তার ভাষণে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, বৈশ্বিক শান্তি, শরণার্থী সংকট এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এ ভাষণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আগামীর দিকনির্দেশনা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি জোরালোভাবে উপস্থাপিত হবে।

এর আগে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। জাতিসংঘ অধিবেশনের এই ভাষণকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে।

প্রেসসচিবের ভাষায়, ‘মূল বার্তাটি হবে— বিশ্ববাসীর কাছে প্রধান উপদেষ্টা তুলে ধরবেন আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন