অবহেলা-অযত্নে অস্তিত্ব হারাচ্ছে লক্ষ্মীপুরের এডভোকেট নুরুল ইসলাম চত্বর

লক্ষ্মীপুর জেলা শহরের প্রধান সড়কের তমিজ মার্কেট এলাকায় অবস্থিত বিএনপি নেতা মরহুম এডভোকেট নুরুল ইসলাম চত্বর আজ অবহেলা, অযত্ন ও অবৈধ দখলের কারণে প্রায় অস্তিত্ব হারাতে বসেছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া এ নেতার স্মৃতিকে ধরে রাখতে বিএনপি সরকারের সময় এ চত্বরটি নির্মাণ ও নামকরণ করা হলেও দীর্ঘদিন ধরে তা অযত্নে পড়ে আছে।
এডভোকেট নুরুল ইসলাম ছিলেন জেলা বিএনপির বর্ষীয়ান নেতা ও প্রখ্যাত আইনজীবী। আওয়ামী সন্ত্রাসীদের হাতে তিনি খুন হন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে জেলা শহরের ব্যস্ততম স্থান তমিজ মার্কেট এলাকায় এ চত্বর নির্মাণ ও নামকরণ করা হয়।
তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই চত্বরটি ভেঙে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে আর সংস্কার বা সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বর্তমানে চত্বরটির জায়গা দখল করে নিয়েছে স্থানীয় কিছু অসাধু দখলদার। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা, ভাঙা ইট-পাথর আর অপরিকল্পিত দোকানপাট। ফলে প্রতিদিন হাজারো মানুষের চোখে পড়লেও শহরের এই ঐতিহাসিক স্থানটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, এডভোকেট নুরুল ইসলাম ছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর। তাঁর স্মৃতি ধরে রাখতে নির্মিত চত্বরটি আজ অচেনা হয়ে গেছে।
অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের চোখের সামনে ইতিহাস মুছে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ চত্বর ধ্বংস করা হয়েছে।”
সামাজিক-রাজনৈতিক মহলের অভিমত, মরহুম নুরুল ইসলামের স্মৃতিচিহ্ন রক্ষা করা শুধু রাজনৈতিক নয়, ইতিহাস সংরক্ষণেরও অংশ। এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে নুরুল ইসলাম চত্বর দখলমুক্ত করে পুনর্নির্মাণ ও সংরক্ষণের দাবি জানিয়েছেন।