সার্বজনীন গ্রুপের অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করছে বেসরকারি সংস্থা ‘সার্বজনীন গ্রুপ’। এর অংশ হিসেবে চলমান ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মসূচির ১২তম ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) পৌর শহরের কোর্ট রোডস্থ আয়েশা আমজাদ টাওয়ারের ৩য় তলায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচি যৌথভাবে পরিচালনা করেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা ও সাংবাদিক জামাল হোসেন পান্না।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ মোয়াজ্জেম হোসেন মুন।
তিনি বলেন, "বর্তমান যুগ তথ্যপ্রযুক্তিনির্ভর। তরুণরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন খাতে নিজেদের দক্ষ করে তুলতে পারে। এর জন্য প্রয়োজন প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতি।"
অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান, লেখক ও মোটিভেশনাল স্পিকার এম. এইচ. শান্তি।
তিনি বলেন, "নিজেকে চিনে আত্মবিশ্বাস অর্জন করলে তরুণরা নিজের ভেতরে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারে। নবীনগরের প্রতিটি তরুণ যেন আত্মনির্ভরশীল হয়ে সমাজে নিজের অবস্থান তৈরি করতে পারে, এটাই আমাদের লক্ষ্য।"
হাতে-কলমে প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষক রুমা আক্তার ব্লক বাটিক প্রিন্ট তৈরির বিভিন্ন ধাপ প্রদর্শন করেন। তিনি কাপড়ে নকশা বসানো ও রঙ প্রয়োগের কারিগরি বিষয় তুলে ধরেন।
প্রসঙ্গত, গত ৩ মে থেকে সার্বজনীন গ্রুপের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। প্রথম ব্যাচে ৪২ জন প্রশিক্ষণার্থী নিয়মিত অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে ব্যবসায়িক পরিকল্পনা, উদ্যোক্তা উন্নয়ন, সেলফ ব্র্যান্ডিং, নেতৃত্ব বিকাশসহ নানা বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেমিন আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এস. এ. রুবেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় মুখার্জি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণার্থীরা।