মজুরি বৃদ্ধির দাবিতে উত্তেজনা, আশুলিয়ায় সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ

সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে আতঙ্কে ছোটাছুটির সময় তিন নারী শ্রমিক আহত হন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের তিনটি কারখানা—নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের আরও তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে নিউ এইজ গ্রুপের তিন কারখানার প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি বিবেচনায় সকাল ৮টা ৫০ মিনিটে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
ছুটি ঘোষণার পর শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে গেলেও তাঁদের একটি অংশ ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা বাসটির কাচ ভাঙচুর করেন। পাশাপাশি পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতে হামলার চেষ্টা চালান।
খবর পেয়ে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন। এ সময় আতঙ্কে দৌড়াতে গিয়ে পড়ে তিন নারী শ্রমিক আহত হন।
আহত শ্রমিকেরা হলেন কারখানার অপারেটর মোছা. সিরাতুব, মোছা. রেখা ও মোছা. সুইটি। তাঁদের মধ্যে সিরাতুব মাথায় এবং অন্য দুজন পায়ে আঘাত পেয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও সাধারণ ছুটি ঘোষণা করে। এসব কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মস্থল ত্যাগ করেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, জিরাবো ও নিশ্চিন্তপুর এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।