এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর

দেশে চলতি এপ্রিল ও মে মাসে জ্বালানি সরবরাহে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এ সময়ের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বছরের শুরুতে আমদানিকৃত জ্বালানি যথাসময়ে দেশে পৌঁছেছে। যদিও মার্চ ও এপ্রিল মাসে কিছুটা বিঘ্ন ঘটেছে, তবুও সামগ্রিকভাবে এপ্রিল-মে মাসে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।
তিনি আরও জানান, জুন মাসের সম্ভাব্য চাহিদা মাথায় রেখে আগাম মজুত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি আমদানির প্রক্রিয়াও জোরদার করা হচ্ছে, বিশেষ করে ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে।
বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।
এর আগে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশে বিদ্যমান অকটেন, পেট্রোল, ডিজেল ও ফার্নেস অয়েলের মজুত আগামী দুই মাসের জন্য যথেষ্ট। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে দেশে জ্বালানির চাহিদা বেড়েছে, যার কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে অকটেন ও পেট্রোলের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি কিছুটা চাপের মধ্যে রয়েছে।