আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের এক সমর্থকের বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসি আবদুর রহিম সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পাশাপাশি উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে তার অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে শনিবার সন্ধ্যায় ওসি আবদুর রহিম সরকারকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করা হয়।
বর্তমানে ওসির দায়িত্বে থাকা থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, শনিবার সন্ধ্যায় প্রত্যাহারের পর ওসি আবদুর রহিম সরকার থানা থেকে চলে গেছেন। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, তা তিনি জানেন না।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।