‘৩১ ডিসেম্বর কেন, শেখ হাসিনা কালই আসুন—হাতকড়া নিয়ে রিসিভ করব’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার বিষয়ে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বর দেশে ফেরার কথা না বলে চাইলে পরদিনই ফিরতে পারেন; তাকে আইন অনুযায়ী গ্রহণ করা হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে শেখ হাসিনাকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।’
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। তার ভাষ্য, সেই লুটপাটের অর্থ ভোগ করতে পারছেন না সংশ্লিষ্টরা এবং এখন তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
মিল্লাত বলেন, ‘মাঝে মাঝে শুনি, উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবে। এ কথা বলে বিশৃঙ্খলা করার জন্য। ফ্যাসিস্ট আমলের যারা লুকিয়ে আছে, তারা যাতে পুলকিত হয়। এ কারণে এ কথাগুলো বলে।’
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ওপর যে আচরণ করা হয়েছে, তার বিচার দেশের মাটিতেই হবে। তিনি বলেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত তার সহযোগীদের দেশে ফেরত দেওয়ার জন্য প্রতিবেশী দেশের কাছে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা, জনগণের অর্থ লুটপাটসহ বিভিন্ন অভিযোগের বিচার সুষ্ঠু প্রক্রিয়ায় করার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় সরকার।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।